১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:১১:০১ পূর্বাহ্ন


'আপন পর' নাটকে মাতৃস্নেহের জন্য কাঙাল চরিত্রে তৌসিফ
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-১৯ ১৭:০৫:৪৭
'আপন পর' নাটকে মাতৃস্নেহের জন্য কাঙাল চরিত্রে তৌসিফ ছবি: সংগৃহীত


পারিবারিক সংকট, বিশেষ করে মা-ছেলের সম্পর্কের টানাপড়েন, প্রেম, বাস্তবতা ও আত্মত্যাগ- এই নিয়ে তৈরি হয়েছে নতুন নাটক 'আপন পর'। প্রকাশের পর থেকে নাটকের রিফাত চরিত্রের জন্য প্রশংসায় ভাসছেন তৌসিফ মাহবুব।  

মায়ের মমতা, ভালোবাসা, সমাদর পাওয়ার জন্য কেউ কতদূর যেতে পারে? এ ক্ষেত্রে কতখানি ত্যাগ স্বীকার করতে পারে কোনো সন্তান? এমন কিছু জিজ্ঞাসা ও উত্তর রয়েছে 'আপন পর'-এ। 

নাটকে দেখা যায় তৌসিফ অভিনীত রিফাত চরিত্রটি ছেলেবেলা হতে তীব্র মাতৃস্নেহের অভাব বোধ করে। তার মধ্যে সৎমায়ের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ক্রমেই বেড়েই চলে। ছোটবেলা থেকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে কখনো মায়ের 'আপন' ছেলের মতো সমাদর পায় নি, যা তাকে মানসিকভাবে নিঃস্ব করে রাখে। অতঃপর মায়ের একটি চাওয়া পূরণ করতে গিয়ে সে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে। নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ। দীর্ঘদিন পর এই কৃতি অভিনেত্রীকে পর্দায় দেখে উচ্ছ্বসিত তার ভক্ত ও অনুরাগীরা। 

মেসবাহউদ্দিন সুমনের চিত্রনাট্যে 'আপন পর' পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে তৌসিফের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। প্রথমবার এই নায়কের সঙ্গে জুটি বেঁধে প্রশংসিত হচ্ছেন তিনি। নাটকে ব্যবহৃত হয়েছে 'আদরে আস্তিন' নামের একটি গান। মাহবুব রহমানের কথা ও মার্সেলের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন কণা ও রিয়াদ। এখন পর্যন্ত 'আপন পর' দেখা হয়েছে ৮৪ লক্ষবার।