১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:৪৪:০৩ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী
অনলাইন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-০৭ ১৫:৩২:১৪
যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী ছবি: সংগৃহীত


চলতি সপ্তাহের মূল্যস্ফীতি সংক্রান্ত পিপিআই ও সিপিআই তথ্যের দিকে সতর্ক নজর বিনিয়োগকারীদের

       মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার আবারও বাড়তে পারে—এমন জল্পনা-কল্পনা ও শক্তিশালী অর্থনৈতিক পূর্বাভাসের জেরে বিশ্ববাজারে স্বর্ণের দামে মন্দাভাব দেখা দিয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দর উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। মূলত চলতি সপ্তাহে প্রকাশ হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের দিকেই এখন চোখ রাখছেন বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা।

সোমবার গ্রিনিচ মান সময় ভোর ৪টা ২০ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪০২.৮৬ ডলারে নেমে আসে। এর আগে গত শুক্রবারও লেনদেনের শেষভাগে স্বর্ণের দর ১ শতাংশ হ্রাস পেয়েছিল।

একই ধারায় ডিসেম্বরের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৪৭.৬০ ডলারে স্থির হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, গত শুক্রবার প্রকাশিত অর্থনৈতিক তথ্যে দেখা গেছে যে আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির হার অপ্রত্যাশিতভাবে দ্রুতগতিতে বেড়েছে, যেখানে বেকারত্বের হার ৪.১ শতাংশেই অপরিবর্তিত রয়েছে। শ্রমবাজারের এই জোরালো গতি মার্কিন অর্থনীতিতে সাম্প্রতিক যে মন্দার শঙ্কা তৈরি হয়েছিল তা অনেকটাই কাটিয়ে তুলেছে। ফলশ্রুতিতে, চলতি মাসের নীতি নির্ধারণী বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার আবারও বাড়াতে পারে—এমন সম্ভাবনা নতুন করে জোরদার হয়েছে।

এদিকে আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচক (পিপিআই) এবং শুক্রবার ভোক্তা মূল্যসূচক (সিপিআই)-এর তথ্য প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই দুই অর্থনৈতিক সূচকের ওপর ভিত্তি করেই ফেডারেল রিজার্ভ তাদের পরবর্তী মুদ্রানীতি ও সুদের হার নির্ধারণ করবে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, কর্মসংস্থানের জোরালো তথ্য স্বর্ণের বাজারে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে। তবে সেপ্টেম্বরের ১৫-১৬ তারিখের বৈঠকে সুদের হার কতখানি বাড়বে বা স্থির থাকবে, তা চলতি সপ্তাহের মূল্যস্ফীতি প্রতিবেদনের ওপরই নির্ভর করছে। মূল্যস্ফীতি উচ্চমুখী থাকলে বন্ডের সুদহার বাড়বে, যা সুদমুক্ত সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি আকর্ষণ আরও কমিয়ে দিতে পারে।

বর্তমানে সিএমইর ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার বাড়ার সম্ভাবনা ৫৮.৪ শতাংশ হিসেবে দেখছেন।

আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও বাণিজ্যের উত্তাপও স্বর্ণের বাজারকে কিছুটা প্রভাবিত করছে। ট্রাম্প প্রশাসনের বাণিজ্যিক কড়া অবস্থান এবং মধ্যপ্রাচ্যে ইরানের অর্থনৈতিক সিদ্ধান্ত ও নতুন হামলার পাল্টা ‘বেদনাকায়ক জবাব’ দেওয়ার হুমকি সত্ত্বেও সুদের হার বাড়ার আশঙ্কাই বাজারে মূল চালিকাশক্তি হয়ে দাঁড়িয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পতন লক্ষ্য করা গেছে। সোমবার স্পট রূপার দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫.৮০ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনামের দাম ১.১ শতাংশ কমে ১,৮০০.৫৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৫ শতাংশ কমে ১,৩৯৪ ডলারে অবস্থান করছে।