১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৬:০৯ অপরাহ্ন


প্রথম দিনেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির ‘মির্জাপুর: দ্য মুভি’!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-০৫ ১৪:৩১:২৮
প্রথম দিনেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির ‘মির্জাপুর: দ্য মুভি’! সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’ I ছবি: সংগৃহীত


২৪ কোটি ৭৫ লাখ রুপি আয় করে চালকের আসনে কালীন ভাইয়া; চলতি বছরের সেরা ওপেনিংয়ের তালিকায় চতুর্থ স্থান অর্জন

       ভারতীয় বক্স অফিসে মুক্তির প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’। পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল ও রবি কিষাণ অভিনীত জনপ্রিয় অপরাধভিত্তিক ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর বড় পর্দার রূপান্তরটি প্রথম দিনেই ভারতের বাজারে প্রায় ২৪ কোটি ৭৫ লাখ রুপি আয় করে নিয়েছে।

গুরমীত সিং পরিচালিত এই অ্যাকশন-ড্রামা সিনেমাটি গত ৪ সেপ্টেম্বর হিন্দি ও তেলুগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির প্রথম দিনের আয়ের নিরিখে এটি ২০২৬ সালের সর্বোচ্চ উদ্বোধনী আয় করা হিন্দি সিনেমার তালিকায় সরাসরি চতুর্থ স্থানে উঠে এসেছে।

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজার মিলিয়ে সিনেমাটির প্রথম দিনের মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২৯ কোটি ৭০ লাখ রুপি। এর মধ্যে এককভাবে হিন্দি সংস্করণ থেকেই এসেছে ২৪ কোটি ৬০ লাখ রুপি, আর তেলুগু সংস্করণ জোগানে ভূমিকা রেখেছে প্রায় ১৫ লাখ রুপি।

মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে ছবিটির ১১ হাজার ১৩৫টি শো প্রদর্শিত হয়। দিন বাড়ার সাথে সাথে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সকালে আসন পূর্ণতার হার ২৫.৮৫ শতাংশ হলেও রাতে তা একলাফে বেড়ে ৬২.৩৮ শতাংশে গিয়ে পৌঁছায়। সারাদিনে প্রেক্ষাগৃহে গড় আসন পূর্ণতার হার ছিল ৪২.৮১ শতাংশ।

চলতি বছরের সর্বোচ্চ উদ্বোধনী আয় করা হিন্দি সিনেমার তালিকায় শীর্ষস্থানে রয়েছে ‘ধুরান্ধর: দ্য রিভেঞ্জ’ (৯৯ কোটি রুপি)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘টক্সিক’ (৫৫ কোটি রুপি) এবং ‘বর্ডার ২’ (৩০ কোটি রুপি)। প্রথম দিনের আয়ে পঙ্কজ ত্রিপাঠির এই ছবি ইমরান হাশমির ‘আওয়ারাঁপন ২’-কেও (২২ কোটি রুপি) পেছনে ফেলতে সক্ষম হয়েছে।

ছোট পর্দায় কালীন ভাইয়া ও গুড্ডু পণ্ডিতের দীর্ঘদিনের জনপ্রিয়তার জেরেই বড় পর্দায় এমন দুর্দান্ত সূচনা সম্ভব হয়েছে বলে মনে করছেন চলচিত্র বিশ্লেষকরা। ছুটির দিনে এই আয়ের পরিমাণ আরও অনেক বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।