১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৪৯:২৯ অপরাহ্ন


অনূর্ধ্ব-২০ দলের দুই কোচের বিরোধ, হোটেলে ডাকা হলো পুলিশ
ক্রীড়া প্রতিবেদক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৮-২৪ ১৮:০৭:১৪
অনূর্ধ্ব-২০ দলের দুই কোচের বিরোধ, হোটেলে ডাকা হলো পুলিশ ছবি: সংগৃহীত


উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নেওয়ার আগে বাংলাদেশ দলের কোচিং স্টাফের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। প্রধান কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার ঢাকার দলীয় হোটেলে দুই কোচের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জেরার্ড জোন্স জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ হোটেলে গেলেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তবে কী নিয়ে বিরোধের সূত্রপাত হয়েছিল এবং জোন্স পুলিশের কাছে কী অভিযোগ করেছিলেন, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে জোন্সের বক্তব্যও পাওয়া যায়নি।

দলের ম্যানেজার ও বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেম জানিয়েছেন, সংশ্লিষ্ট কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ২৭ আগস্ট উজবেকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা। ৩১ আগস্ট শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার ঠিক আগে কোচিং স্টাফের বিরোধ দলের প্রস্তুতি ও অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।