১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:১০:১১ অপরাহ্ন


গুরুতর আহত রাশমিকা; চিকিৎসকের কঠোর নির্দেশে সম্পূর্ণ বিশ্রামে অভিনেত্রী
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৮-০১ ১৮:০১:৩০
গুরুতর আহত রাশমিকা; চিকিৎসকের কঠোর নির্দেশে সম্পূর্ণ বিশ্রামে অভিনেত্রী রাশমিকা মান্দানা I ছবি: সংগৃহীত


‘রাণাবলী’ ও ‘মাইসা’ ছবির দৃশ্য ধারণকালে কোমরে আঘাত; পেশিতন্তু ছিঁড়ে স্থগিত সিনেমার শুটিং

       ভারতের হায়দ্রাবাদে চলচ্চিত্রের দৃশ্য ধারণের সময় গুরুতর চোটের মুখে পড়েছেন ‘পুষ্পা’ খ্যাত সময়ের জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামের দুটি অ্যাকশন-নির্ভর সিনেমার শুটিং করতে গিয়ে তিনি আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবি দুটিতে একাধিক অ্যাকশন সিকোয়েন্স ও হাই-এনার্জি নাচের দৃশ্য ছিল। তেমনই একটি কঠিন দৃশ্যের অভিনয় করতে গিয়ে নিতম্ব ও কোমরের মাঝামাঝি স্থানে প্রচণ্ড আঘাত পান এই অভিনেত্রী।

চিকিৎসা পরীক্ষায় জানা গেছে, আঘাতটি এতটাই মারাত্মক যে রাশমিকার নিতম্ব ও কোমরের মধ্যবর্তী একটি পেশিতন্তু (মাসল ফাইবার) পুরোপুরি ছিঁড়ে গেছে। চিকিৎসকেরা জানান, সাধারণত পেশাদার অ্যাথলেট বা নিয়মিত কঠোর শারীরিক কসরত করা অ্যাথলেটদের শরীরে এ ধরনের চোট দেখা যায়। একজন অভিনেত্রীর শরীরে এমন চোট দেখে তাঁরাও বিস্ময় প্রকাশ করেছেন।

পেশিতন্তু ছিঁড়ে যাওয়ায় চিকিৎসকরা রাশমিকাকে আগামী কিছুদিন সকল কার্যক্রম বন্ধ রেখে সম্পূর্ণ শয্যাবিশ্রামে (কঠোর বেড রেস্ট) থাকার নির্দেশ দিয়েছেন।

রাশমিকা মান্দানাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ককটেল ২’ সিনেমায়। তবে এই আকস্মিক দুর্ঘটনার ফলে তাঁর নতুন দুই সিনেমার শুটিং সিডিউল চূড়ান্ত জটে পড়েছে এবং বেশ কিছু বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।