১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৪:১১ অপরাহ্ন


শেখ হাসিনার কোনো বক্তব্য বা বার্তা প্রচার না করার অনুরোধ সরকারের
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-১১ ১৬:১৪:১০
শেখ হাসিনার কোনো বক্তব্য বা বার্তা প্রচার না করার অনুরোধ সরকারের ছবি: সংগৃহীত


ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য, ভাষণ, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও বার্তা দেশের কোনো গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ না করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে সরকার। দেশের সব গণমাধ্যম কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট অংশীজন এবং সাধারণ নাগরিকদের প্রতি এই অনুরোধ জানানো হয়েছে। গত বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে জারি করা এক আনুষ্ঠানিক তথ্যবিবরণীতে এই নির্দেশনা ও আহ্বানের কথা জানানো হয়।

তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, গত ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত কিংবা পলাতক থাকা কোনো ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচার করার ক্ষেত্রে সুস্পষ্ট আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের স্বার্থে শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য—তা সরাসরি কিংবা ধারণকৃত যাই হোক না কেন—টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনো মাধ্যমেই প্রচার বা প্রকাশ না করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সরকার আশা প্রকাশ করেছে যে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং সাধারণ নাগরিকরা দেশের প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা পুরোপুরি প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।