১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:৪৭:০৩ পূর্বাহ্ন


প্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ
সচিবালয় প্রতিবেদক | ট্র্যান্ডনিউজবিডি | সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৬-২৪ ১৫:১২:৩১
প্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ সচিবালয়ে জাপান প্রতিনিধি দলের সঙ্গে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ । ছবি: সংগৃহীত


বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষতা-ভিত্তিক ও শিশু-বান্ধব করে গড়ে তুলতে জাপানের শিক্ষা ব্যবস্থার সফল অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় সরকার। আজ বুধবার (২৪ জুন) সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৈঠকে জাপানের প্রতিনিধি দল বাংলাদেশের প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে তাঁদের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, জাপানের নাগরিক শিক্ষা বিশ্বজুড়ে প্রশংসিত। শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা, নৈতিকতা ও নাগরিক মূল্যবোধ গড়ে তুলতে বাংলাদেশ জাপানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে বিশেষভাবে আগ্রহী। তিনি আরও জানান, বর্তমানে প্রাথমিক শিক্ষার নতুন পাঠক্রম তৈরির কাজ চলছে। এই নতুন পাঠক্রমে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে নাগরিক শিক্ষা, ক্রীড়া শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, গণিত ও বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি আনন্দময় ও চ্যালেঞ্জিং শিক্ষার পরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে সরকারের।

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে গণিত শিক্ষার জন্য বিশেষ গবেষণাগার স্থাপন করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে জাপানের কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষায় কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ বর্তমানে থাইল্যান্ড ও তুরস্কের শিক্ষা প্রশাসন ব্যবস্থাও পর্যালোচনা করছে। মূলত মাঠপর্যায়ের দপ্তরগুলোর জবাবদিহিতা, কর্মদক্ষতা মূল্যায়ন ও তদারকি ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে পাঠক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবী কার্যক্রম, শিক্ষা প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং শিশু-বান্ধব শিক্ষা পরিবেশ তৈরির বিষয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।