১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৪:১২:১৬ পূর্বাহ্ন


মতিঝিলের অস্থায়ী কার্যালয় বন্ধ ঘোষণা করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-২৬ ১৯:৪১:৩৭
মতিঝিলের অস্থায়ী কার্যালয় বন্ধ ঘোষণা করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী/ছবি: সংগৃহীত


সার্বিক নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে রাজধানীর মতিঝিলে অবস্থিত নিজেদের অস্থায়ী কার্যালয়ের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে এতদিন ধরে পরিচালিত হওয়া অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম এখন থেকে সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। এর পরিবর্তে দলের যাবতীয় সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলা থেকে পরিচালিত হবে। দলের সব নেতাকর্মী, সমর্থক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এখন থেকে যেকোনো প্রয়োজনে নতুন এই কার্যালয়ে যোগাযোগ করার জন্য তিনি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

ফেসবুক পোস্টে নিজের রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের পথচলা অব্যাহত থাকবে, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।” তবে পোস্টের শেষাংশে তিনি সর্বসাধারণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি জরুরি সতর্কবার্তাও জুড়ে দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, এই ঘোষণার পর কেউ যদি দলীয় নির্দেশ অমান্য করে পূর্ববর্তী স্থানে (মতিঝিলের সাবেক কার্যালয়) গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা কিংবা অন্য কোনো ক্ষতির সম্মুখীন হন, তবে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। একই সাথে উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে নিজের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।