১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪১:৩১ অপরাহ্ন


অবশেষে লাল গালিচা সংবর্ধনা আর রাজকীয় পোশাকে বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম্প’
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-২৬ ১৮:১৫:৫০
অবশেষে লাল গালিচা সংবর্ধনা আর রাজকীয় পোশাকে বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম্প’


বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে এক জাঁকজমকপূর্ণ রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে। গত সোমবার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’ থেকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মহিষটিকে তার নতুন ক্রেতার কাছে হস্তান্তর করা হয়। লাল গালিচা সংবর্ধনা ও বিশেষ বিদায়ী আনুষ্ঠানিকতার পর ক্রেতা ও তাঁর সহযোগীরা মহিষটিকে ঢাকার জিনজিরা এলাকায় নিয়ে যান।

এই মহিষটিকে নিয়ে ইতিমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ব্যাপক খবর প্রকাশিত হয়েছে, যার ফলে এটি বিশ্বজুড়ে রাতারাতি ভাইরাল হয়ে ওঠে। এর আগে, মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল খামারে আসার খবর ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা বিভ্রান্তি তৈরি হয়। সে সময় অর্থাৎ প্রায় দেড় সপ্তাহ আগে এই বিষয়ে নানা ভুল ও অসত্য তথ্য দিয়েছিলেন রাবেয়া অ্যাগ্রো ফার্মের জিয়া উদ্দিন মৃধা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার দুপুর থেকেই খামারের কর্মীরা এই বিশাল আকৃতির মহিষটিকে গোসল করিয়ে বিদায়ের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেন। বিদায়লগ্নে মহিষটিকে আকর্ষণীয় রাজকীয় পোশাক পরানো হয় এবং হরেক রঙের ধোঁয়া (কালার স্মোক) উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে খামার থেকে বিদায় দেওয়া হয়। এ সময় খামারের কর্মচারী ও রাখালেরা ‘ডোনাল্ড সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দিয়ে খামার প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন। দীর্ঘদিন ধরে আগলে রাখা এই পশুকে বিদায় দিতে গিয়ে খামারের মালিকপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীরা বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ প্রসঙ্গে রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন ধরে অত্যন্ত যত্ন সহকারে লালন-পালন করার পর ‘ডোনাল্ড ট্রাম্প’ ক্রেতার কাছে চলে যাচ্ছে, যা ভেবে স্বাভাবিকভাবেই মনটা কিছুটা খারাপ লাগছে। তবে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এটি কোরবানি হতে যাচ্ছে—এটাই খামারি হিসেবে তাঁদের সবচেয়ে বড় সার্থকতা ও পাওয়া। অন্যদিকে, মহিষটির নতুন ক্রেতা রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সমির তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, নিজের কেনা কোরবানির পশুটি এভাবে বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যাবে, তা তিনি কখনো কল্পনাও করেননি। এর খবর সব জায়গায় ছড়িয়ে পড়ায় তাঁর নিজ এলাকার সাধারণ মানুষ এখন ‘ট্রাম্প’কে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উল্লেখ্য, এই বিশেষ মহিষের খবর গণমাধ্যমে আসার পর থেকেই নারায়ণগঞ্জের ওই খামারে দূর-দূরান্ত থেকে প্রতিদিন বিভিন্ন শ্রেণির উৎসুক মানুষ ভিড় জমাতেন।