১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:৩৫:৫৭ অপরাহ্ন


পাটুরিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া ও অনিয়ম: সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ নৌপ্রতিমন্ত্রীর
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-২৫ ১৮:১০:১০
পাটুরিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া ও অনিয়ম: সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ নৌপ্রতিমন্ত্রীর নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান I ছবি: সংগৃহীত


ঈদে ঘরমুখী মানুষের নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-আরিচা ফেরিঘাট ও লঞ্চঘাটে আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। আজ সোমবার (২৫ মে) দুপুরে ঘাট এলাকার সার্বিক পরিস্থিতি ও ঈদযাত্রার কার্যক্রম তদারকির সময় টিকিট বিক্রিতে অতিরিক্ত ভাড়া আদায় ও বিভিন্ন অনিয়মের সুনির্দিষ্ট সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিদর্শনের অংশ হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত ভিজিল্যান্স টিমের টিম লিডার ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ এমরান হোসেন সাধারণ যাত্রীবেশে টিকিট কাউন্টারে যান। সেখানে তিনি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের হাতেনাতে প্রমাণ পান। এই অনিয়মের সত্যতা মেলার পর পরই অ্যাকশনে নামে মানিকগঞ্জ জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তাৎক্ষণিকভাবে লুজ টিকিটিং এজেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে নৌপরিবহন প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ জারির নির্দেশ দেন। ইজারার চুক্তির শর্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিষয়টি অবিলম্বে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

ঘাট এলাকার অনিয়ম ও দায়িত্বে অবহেলার সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধেও তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের টিকিট কাউন্টারে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যকে নিয়মবহির্ভূতভাবে ভাড়া আদায়ের কার্যক্রমে সম্পৃক্ত করা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা প্রমাণিত হওয়ায় বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালামকে তাৎক্ষণিকভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এছাড়া একই ঘটনায় কাউন্টারের দায়িত্ব পালনরত বিআইডব্লিউটিসির উচ্চমান সহকারী মো. তারেক হোসেন এবং সংশ্লিষ্ট আনসার সদস্যকে তাৎক্ষণিকভাবে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এই অনিয়ম ও দায়িত্বে অবহেলার ঘটনায় তাদের বিরুদ্ধে চূড়ান্ত কী ব্যবস্থা গ্রহণ করা হলো, তা দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।