প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। বর্ষা মৌসুম শুরুর আগে খাল খনন কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়নে সরকার পাঁচ বছর মেয়াদি একটি কর্মসূচির আওতায় সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিভিন্ন জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় তা বাস্তবায়ন করছেন।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় মে মাস পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে। বর্ষা শেষে পুনরায় নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কর্মসূচি পুনরায় জোরদার করা হবে।
এ্যানি জানান, সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। প্রকল্পটির কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই প্রায় সম্পন্ন হয়েছে এবং এ বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে।