১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৯:৫৩ অপরাহ্ন


সিভিল-সামরিক সমন্বয়ে আস্থা বেড়েছে, ‘ইতিহাসের সেরা নির্বাচন’ মন্তব্য সেনাপ্রধানের
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৬ ১৯:১১:২৩
সিভিল-সামরিক সমন্বয়ে আস্থা বেড়েছে, ‘ইতিহাসের সেরা নির্বাচন’ মন্তব্য সেনাপ্রধানের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-ছবি: সংগৃহীত


সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ফলে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দেশের ইতিহাসে এত সুষ্ঠু ও চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যেকোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব—সাম্প্রতিক নির্বাচন তার প্রমাণ।” তিনি জেলা প্রশাসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচন আয়োজনের মূল দায়িত্ব তাদের ওপরই ছিল এবং তারা সফলভাবে তা সম্পন্ন করেছেন।

তিনি আরও বলেন, একসময় দেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং অনেকে আশঙ্কা করেছিলেন নির্বাচন নাও হতে পারে। তবে সেই শঙ্কা কাটিয়ে দেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, যা একটি বড় অর্জন।

ডিসিদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা দ্রুত পাওয়া যাবে। সংশ্লিষ্ট ফরমেশনকে অবহিত করলে তারা তাৎক্ষণিকভাবে সহযোগিতা করবে। দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যেকোনো পরিস্থিতিতেই সেনাবাহিনী পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও জোরদার হলে দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সম্মেলনে সামরিক নেতৃত্ব ও সিভিল প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ভবিষ্যতে এই সমন্বিত উদ্যোগ একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মে রাজধানীতে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করা হয়।