১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৩:৩৪ অপরাহ্ন


জুলাই অভ্যুত্থানের মামলায় নিরপরাধদের অব্যাহতির আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৬ ১৮:২৫:১৮
জুলাই অভ্যুত্থানের মামলায় নিরপরাধদের অব্যাহতির আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ I ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থান ঘিরে দায়ের হওয়া বিভিন্ন হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগস্ট-পরবর্তী বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু গণহত্যার মামলা দায়ের হয়েছে। এসব মামলার তালিকা জেলা প্রশাসকদের কাছ থেকে চাওয়া হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত আসামিদের চিহ্নিত করা হবে এবং যারা নিরপরাধ, তারা আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পাবেন।

তিনি বলেন, জেলা ও মহানগরভেদে মামলার সংখ্যা ভিন্ন। প্রত্যন্ত জেলাগুলোতে সংখ্যা কম হলেও মহানগর এলাকায় মামলা তুলনামূলক বেশি।

মন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া বহু মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওই সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ রয়েছে।

তিনি জানান, এসব মামলা প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে। এরপর আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইনমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি যাচাই করে মামলা প্রত্যাহারের উপযোগিতা নির্ধারণ করবে। উপযুক্ত বিবেচিত হলে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী তা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।