১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:০০:০৯ অপরাহ্ন


দেশে কোনও লোডশেডিং নেই: ইকবাল মাহমুদ টুকু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৫ ১৫:২০:১৯
দেশে কোনও লোডশেডিং নেই: ইকবাল মাহমুদ টুকু ছবি: সংগৃহীত


দেশে বর্তমানে কোনো লোডশেডিং নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৫ মে) চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। যদি কোথাও বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়, তবে সেটিকে লোডশেডিং হিসেবে গণ্য করা যাবে না। তিনি ব্যাখ্যা করেন, “যদি কোথাও বিদ্যুৎ চলে যায়, তবে বুঝতে হবে সেটি লাইনের সমস্যা কিংবা মেশিনপত্রের কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে হচ্ছে। এটি কোনোভাবেই বিদ্যুৎ ঘাটতি বা লোডশেডিং নয়।”

জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “দেশে তেলের সংকট কখনো ছিল না, এখনো নেই এবং ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকার নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করে যাচ্ছে।”

তবে বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা সম্পর্কে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যারা ব্যক্তিগত মুনাফার স্বার্থে তেলের কৃত্রিম সংকট তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে। অতি দ্রুত এসব অসাধু চক্রের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ডিসি সম্মেলনের এই অধিবেশনে জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার এবং কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।