১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:০০:০৯ অপরাহ্ন


পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন প্রণয় ভার্মা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৪ ১৯:১৬:৪২
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন প্রণয় ভার্মা ছবি: সংগৃহীত


বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা আজ সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। ঢাকায় নিজের সফল কার্যকাল সমাপ্তি উপলক্ষ্যে এটি ছিল তার বিদায়ী সাক্ষাৎ। সাক্ষাৎকারের শুরুতেই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান হাইকমিশনার প্রণয় ভার্মাকে তার মেয়াদ সফলভাবে সম্পন্ন করার জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশে অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বৈঠক চলাকালীন প্রণয় ভার্মা বাংলাদেশে তার দায়িত্ব পালনকালীন সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাওয়া অকুন্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর এবং এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ভারত সরকার সবসময় অঙ্গীকারবদ্ধ। ভারতের পক্ষ থেকে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই দেশের মধ্যকার বিদ্যমান সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বলেন যে, বাংলাদেশ ভারতের সঙ্গে সবসময়ই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এবং একটি দূরদর্শী সম্পর্কের দিকে তাকিয়ে রয়েছে। দুই দেশের উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এই বন্ধুত্বপূর্ণ বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। আলোচনার শেষে পররাষ্ট্রমন্ত্রী বিদায়ী হাইকমিশনারের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তার আগামী দিনের সকল প্রচেষ্টার সাফল্য কামনা করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বিদায়ী সাক্ষাৎটি সম্পন্ন হয়।