১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:০৩:২০ অপরাহ্ন


ফারুকীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অরুণা বিশ্বাসের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০২ ১৪:০৬:৫৪
ফারুকীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অরুণা বিশ্বাসের ছবি: সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্প্রতি একটি ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, ফারুকীর কর্মকাণ্ডের কারণে তাঁরসহ বেশ কয়েকজন শিল্পীর পেশাগত জীবন ও ব্যক্তিগত শান্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

লাইভে অত্যন্ত আবেগাপ্লুত ও কান্নাজড়িত কণ্ঠে অরুণা বিশ্বাস বলেন, ফারুকী সুকৌশলে অনেক শিল্পীর ক্যারিয়ার ধ্বংসের পেছনে ভূমিকা রেখেছেন। তিনি অভিযোগ করেন, ফারুকী মনে করছেন তিনি বিজয়ী হয়েছেন, কিন্তু নৈতিকভাবে তিনি কখনো জিততে পারবেন না। নিজের দেশ ত্যাগের পরিস্থিতির কথা স্মরণ করে অরুণা জানান, দেশের ভেতরে কাজের ক্ষেত্রে তিনি চরম প্রতিবন্ধকতার শিকার হতেন। তাঁর ভাষ্যমতে, "আমি যেখানেই কাজ করতে গেছি, সেখানেই ফারুকীর প্রভাব দেখেছি। সবকিছু যেন তাঁর নিয়ন্ত্রণে ছিল, যার ফলে আমাদের মতো শিল্পীদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।"

ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তিনি জানান, একজন সাধারণ নাগরিক হিসেবে যে নূন্যতম অধিকার পাওয়ার কথা, তা থেকেও তাঁদের বঞ্চিত করা হয়েছে। দীর্ঘ সময় ধরে কানাডায় বসবাস করা এই অভিনেত্রী আরও যোগ করেন, "আমি ৩০ বছর ধরে কানাডার নাগরিক। আমি দেশ থেকে পালিয়ে আসিনি, আমার পাসপোর্ট আছে বলেই এখানে এসেছি। তবে দেশের বর্তমান পরিস্থিতি আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।"

দেশ ছাড়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন—এমন প্রশ্নের জবাবে অরুণা বিশ্বাস জানান, সরাসরি কেউ তাঁকে হুমকি দেয়নি বা চাপ সৃষ্টি করেনি, কিন্তু এক ধরনের অদৃশ্য ভীতি ও পরিবেশের কারণে তিনি চলে যেতে বাধ্য বোধ করেছেন। এমনকি বিমানবন্দরে এক ব্যক্তির অনাকাঙ্ক্ষিত ও বিরক্তিকর আচরণের কথা উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন এবং বলেন, একদিন সেই ব্যক্তির মুখোমুখি হয়ে তিনি এর কারণ জানতে চান।

ফারুকীর প্রভাববলয়ের কারণে নিজের দেশ এবং কর্মক্ষেত্রকে ভীষণভাবে মিস করছেন জানিয়ে অরুণা বিশ্বাস বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই দেশান্তরী হওয়ার কষ্ট ভুলতে পারবেন না। তবে অরুণা বিশ্বাসের এই দীর্ঘ অভিযোগ ও বিস্ফোরক মন্তব্যের প্রেক্ষিতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।