১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:০৩:৫৫ অপরাহ্ন


সরকার শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-৩০ ১৮:৫৩:৫৩
সরকার শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


মহান মে দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত।’

প্রধানমন্ত্রী তার বিবৃতিতে উল্লেখ করেন, বর্তমান গণতান্ত্রিক সরকার নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করতে বদ্ধপরিকর। এছাড়া বিদেশে কর্মরত রেমিট্যান্স যোদ্ধাদের অর্থনৈতিক নিরাপত্তা ও নানাবিধ সুবিধা দিতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৯টি কনভেনশন অনুস্বাক্ষর করে বাংলাদেশ বৈশ্বিক শ্রম মানদণ্ড বজায় রাখতে কাজ করে যাচ্ছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, মধ্যপ্রাচ্যে শ্রমবাজার তৈরি এবং পোশাক শিল্পের ভিত্তি স্থাপনের মাধ্যমে তিনি শ্রমিক কল্যাণের যে সূচনা করেছিলেন, বর্তমান সরকার তা আরও আধুনিকায়ন করছে। তিনি আশ্বস্ত করেন, গত ঈদুল ফিতরের মতো ভবিষ্যতেও শ্রমিকদের বেতন-বোনাস সঠিক সময়ে পরিশোধ নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শ্রমিকের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত হলেই একটি স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি দেশ-বিদেশের সব শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানান।