১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৩৭:০৫ অপরাহ্ন


প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক নয় : গয়েশ্বর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-৩০ ১৮:৪৯:৩৬
প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক নয় : গয়েশ্বর ছবি: সংগৃহীত


স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সবার সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চায়, কিন্তু সেই সম্পর্ক কখনোই 'দাসত্ব' কিংবা 'স্বামী-স্ত্রীর সম্পর্কের' মতো হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই কড়া অবস্থান ব্যক্ত করেন।

গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন তুলে ধরে বলেন, জিয়াউর রহমান চাটুকারিতা নয় বরং গঠনমূলক সমালোচনা পছন্দ করতেন। তিনি আক্ষেপ করে বলেন, ১৯৭১ সালে জিয়ার বীরত্বগাথা অবদানকে বর্তমান প্রজন্মের অনেকে যথাযথ মূল্যায়ন করতে চায় না। ভারতের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন যে, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো বন্ধুত্ব হতে পারে না; সম্পর্ক হতে হবে কেবল সমমর্যাদার ভিত্তিতে।

খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, চক্রান্ত ও কারাবরণ সত্ত্বেও তিনি কখনোই দেশত্যাগ করেননি, যা তাকে জনগণের কাছে ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়া ১/১১-এর সময় দলের ভেতরকার ষড়যন্ত্র এবং তৎকালীন জামায়াত নেতৃত্বের ভূমিকারও সমালোচনা করেন তিনি।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে গয়েশ্বর রায় বলেন, এই বিজয় কোনো একক দলের নয়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই আন্দোলনকে শুরু থেকেই নৈতিক ও সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে। স্কুল-কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বিএনপির তৃণমূলের সাধারণ মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফলেই দেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আমূল পরিবর্তনের এই সময়ে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।