১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৩৬:৩৮ অপরাহ্ন


সাংবাদিকদের সাকিবের সঙ্গে মাশরাফি-দুর্জয়কেও মনে রাখতে বললেন তামিম
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-৩০ ১৮:৪৬:৩৬
সাংবাদিকদের সাকিবের সঙ্গে মাশরাফি-দুর্জয়কেও মনে রাখতে বললেন তামিম ছবি: সংগৃহীত


সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা এবং নাইমুর রহমান দুর্জয়—এই তিনজনকে নিয়ে চলমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, যেন কেবল সাকিবকে নিয়ে আলোচনা সীমাবদ্ধ না রেখে একই পরিস্থিতিতে থাকা অন্য দুই সাবেক অধিনায়ককেও মনে রাখা হয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন এবং মাশরাফি বিন মর্তুজা জনসমক্ষে আসছেন না। অন্যদিকে, নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে তামিম বলেন, "আমরা গত এক-দুই বছর ধরে শুধু একজন নির্দিষ্ট ক্রিকেটার অর্থাৎ সাকিবের বিষয়ে কথা বলছি। আমার অনুরোধ থাকবে, যখন প্রশ্ন করেন তখন মাশরাফি বিন মুর্তজা এবং নাইমুর রহমান দুর্জয়কেও মনে রাখবেন। তারা তিনজনই একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তাই এখানে বসে শুধু একজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করাটা উচিত হবে না।"

সাকিব-মাশরাফিদের ক্রিকেটে ফেরার পরিবেশ প্রসঙ্গে বিসিবি প্রধান জানান, বোর্ড সবসময় তাদের পাশে আছে। তিনি বলেন, "ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের পক্ষ থেকে যে ধরনের সুযোগ-সুবিধা বা ক্রিকেটীয় সহায়তা প্রয়োজন, তা আমরা দিতে প্রস্তুত। আইনি যে বিষয়গুলো রয়েছে, সে ক্ষেত্রে মন্ত্রণালয়ও নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে। তারা যদি আইনি সমস্যা সমাধান করে ফিরে আসেন, তবে বোর্ড তাদের স্বাগত জানাবে।"

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল আরও নিশ্চিত করেন যে, তিনি আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন। অ্যাডহক কমিটির প্রধানের পদ থেকে পদত্যাগের কোনো পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, "আমি অবশ্যই নির্বাচনে অংশ নেব। গঠনতন্ত্র অনুযায়ী যা করার প্রয়োজন, আমি তাই অনুসরণ করব। প্রথম দিন থেকেই আমি নির্বাচনে লড়ার বিষয়ে পরিষ্কার ছিলাম, তাই পদত্যাগের কথা মাথায় আনিনি।" তার এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হলো যে, বিসিবির ভবিষ্যৎ নেতৃত্বে আসার দৌড়ে তামিম ইকবাল দৃঢ় অবস্থানে রয়েছেন।