১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৭:২১ অপরাহ্ন


জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-৩০ ১৭:১৬:৪৯
জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান ছবি: সংগৃহীত


জাতিসংঘে পারমাণবিক অস্ত্র অ-প্রসারণ চুক্তি (এনপিটি) পর্যালোচনা সম্মেলনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তেহরান অভিযোগ করেছে, ওয়াশিংটন এই ফোরামকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে ভুলভাবে উপস্থাপন করছে।

বৃহস্পতিবার জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে জানায়, তাদের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পূর্ণ তত্ত্বাবধানে রয়েছে এবং কোনো পারমাণবিক উপাদান সরিয়ে ফেলার প্রমাণ নেই। ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরভানি এবং রেজা নাজাফি ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো ইরানের ওপর হওয়া অবৈধ হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। উল্টো যুক্তরাষ্ট্র নিজের পারমাণবিক ভাণ্ডার আধুনিকায়ন করে অন্যদের ওপর দোষ চাপাচ্ছে, যা অত্যন্ত বৈষম্যমূলক। ইরান সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে নৌ-চলাচলের স্বাধীনতায় তারা বিশ্বাসী, তবে সামরিক উস্কানি বন্ধ না হলে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হবে।

অন্যদিকে, মার্কিন কর্মকর্তা ক্রিস্টোফার ইয়াও ইরানের ভূমিকাকে ‘চুক্তির জন্য অপমানজনক’ বলে অভিহিত করেছেন। তার দাবি, ইরান দীর্ঘদিন ধরে এনপিটির প্রতিশ্রুতি লঙ্ঘন করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে এই বাকযুদ্ধ মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তেহরান অবশ্য বরাবরের মতোই দাবি করছে, তাদের এই কর্মসূচি কোনো যুদ্ধের জন্য নয়, বরং সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।