১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪০:৫৮ অপরাহ্ন


১৪ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৪ ১৪:১৬:০৪
১৪ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছবি: সংগৃহীত


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রাকে আনন্দদায়ক ও সহজ করতে দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (৪ মার্চ) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রির মাধ্যমে এই কার্যক্রমের দ্বিতীয় দিন শুরু হয়। আজ মূলত আগামী ১৪ মার্চ ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত টিকিট সংগ্রহ করতে পারছেন।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫ মার্চ পাওয়া যাবে ১৫ মার্চের টিকিট। একইভাবে ৬ মার্চ ১৬ তারিখের, ৭ মার্চ ১৭ তারিখের, ৮ মার্চ ১৮ তারিখের এবং ৯ মার্চ ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে এবং সার্ভারের ওপর চাপ কমাতে এবারও অঞ্চলভেদে টিকিট বিক্রির সময় ভাগ করে দেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে উন্মুক্ত করা হচ্ছে। শতভাগ টিকিটই এবার অনলাইনে মিলছে।

অনলাইনে সহজে টিকিট কাটার প্রক্রিয়ায় যাত্রীদের প্রথমে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করতে হবে। যারা নতুন ব্যবহারকারী, তাদের ‘রেজিস্ট্রেশন’ ট্যাবে গিয়ে ব্যক্তিগত তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। মোবাইল নম্বরে আসা ওটিপি ভেরিফাই করার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে যাত্রার তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য এবং শ্রেণি নির্বাচন করে 'ফাইন্ড টিকিট' বাটনে ক্লিক করতে হবে।

পরের ধাপে ট্রেনের নাম, আসন খালি থাকা সাপেক্ষে পছন্দের সিট সিলেক্ট করে ‘কন্টিনিউ পারচেজ’ বাটনে ক্লিক করতে হবে। পেমেন্ট সম্পন্ন করার জন্য বিকাশ, ভিসা বা মাস্টার কার্ড ব্যবহার করা যাবে। পেমেন্ট সফল হলে একটি ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে এবং যাত্রীর ই-মেইলেও একটি কপি চলে যাবে। যাত্রা শুরুর আগে এই ই-টিকিট প্রিন্ট করে সাথে রাখতে হবে এবং মূল স্টেশন থেকে ছাপানো টিকিট সংগ্রহ করে ফটো আইডিসহ ভ্রমণ করতে হবে।