১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৩৩:১৮ অপরাহ্ন


জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৯ ১৯:৫৪:০৭
জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন


নতুন ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক পাশ আবেদনকারীদের জন্য এসএসসি সনদ সার্ভারে আপলোড বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) ইসির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীর তথ্যের সঠিকতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জটিলতা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির এনআইডি শাখার পরিচালক মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়, ভোটার নিবন্ধনের সময় জন্ম সনদ, নিবন্ধন ফরম ও প্রমাণপত্রের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সনদ যুক্ত করা হয়। তবে অনেক ক্ষেত্রে মাধ্যমিক পাশ আবেদনকারীদের এসএসসি সনদ ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে না, যা পরবর্তীতে তথ্য যাচাইয়ে সমস্যা সৃষ্টি করছে।

নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে দেখা গেছে, এসএসসি সনদ না থাকলে এনআইডি সংশোধনের সময় জন্ম তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়ে। এতে তথ্যের অসঙ্গতি এবং প্রশাসনিক জটিলতা তৈরি হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো আবেদনকারী উচ্চ মাধ্যমিক বা তার চেয়ে বেশি শিক্ষিত হলে তার এসএসসি সনদের পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত সনদও সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। এসব নথির মূল বা ফটোকপি নিবন্ধন ফরম ও জন্ম সনদের সঙ্গে সংরক্ষণ করতে হবে।

এছাড়া এ প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকির জন্য আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিয়মিত পরিদর্শন ও নথি যাচাই করবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এ উদ্যোগের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্য আরও নির্ভুল হবে এবং ভবিষ্যতে জালিয়াতি ও তথ্য বিভ্রান্তি রোধ করা সম্ভব হবে।