১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:১১:৫৩ অপরাহ্ন


বৃষ্টিতে বাতিল হল বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় টি-২০ ম্যাচ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৯ ১৭:৫৭:৩৬
বৃষ্টিতে বাতিল হল বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় টি-২০ ম্যাচ ছবি: সংগৃহীত


ব্যাট-বলের ধ্রুপদী লড়াই দেখার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজারো দর্শক। কিন্তু দর্শকদের সব উন্মাদনা ধুয়ে মুছে নিয়ে গেল বেরসিক বৃষ্টি। বৃষ্টির দাপটে টস করা তো দূরে থাক, মাঠেই নামতে পারেননি দুই দলের অধিনায়ক। শেষ পর্যন্ত একটি বলও মাঠে না গড়িয়েই পরিত্যক্ত ঘোষণা করা হলো বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি।

সাগরিকার পাড়ে খেলা দেখতে আসা দর্শকদের জন্য দিনটি ছিল কেবলই হতাশার। বৃষ্টিতে ভিজে মাঠে এসে প্রিয় তারকাদের পারফরম্যান্স দেখতে না পারার আক্ষেপ নিয়ে তাদের ফিরতে হয়েছে বাড়িতে। তবে মাঠের লড়াই মিস করলেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে না দর্শকদের। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয় টি-টোয়েন্টির টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।

আজকের ম্যাচটি বৃষ্টির পেটে যাওয়ায় সিরিজের সমীকরণে স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয়ের সুবাদে ১-০ ব্যবধানে এগিয়ে আছেন নাজমুল হোসেন শান্তরা। ফলে সিরিজের শেষ ম্যাচে হারলেও সিরিজ হারার কোনো ভয় নেই টাইগারদের; সর্বোচ্চ সিরিজটি ড্র হতে পারে। তবে ট্রফি নিজেদের করে নিতে শেষ ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে স্বাগতিকরা।

উল্লেখ্য, আগামী ২ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। এখন দেখার বিষয়, মিরপুরের উইকেটে কিউইদের হারিয়ে সিরিজ নিজেদের করে নিতে পারে কি না চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।