১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:০০:৪৪ অপরাহ্ন


দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা সঠিক হাতে রয়েছে : বাণিজ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৯ ১৬:৩২:১৬
দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা সঠিক হাতে রয়েছে : বাণিজ্যমন্ত্রী ছবি: সংগৃহীত


দেশের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর আস্থা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশ এখন সঠিক নেতৃত্বের হাতে রয়েছে এবং এর ইতিবাচক ফল জনগণ অচিরেই দেখতে পাবে। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এনবিআর ও এফবিসিসিআই আয়োজিত ৪৬তম পরামর্শক কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বলেন, জ্বালানি সংকট, ঋণের উচ্চ সুদহার এবং নতুন বিনিয়োগে স্থবিরতা এখন বড় বাধা। তবে বর্তমান সরকার কেবল নতুন বিনিয়োগ নয়, বরং বিদ্যমান শিল্পকারখানাগুলোকে টিকিয়ে রাখাকেই এখন অগ্রাধিকার দিচ্ছে। বেসরকারি খাতের গুরুত্ব উল্লেখ করে তিনি জানান, ব্যবসায়ী সমাজের বাস্তবসম্মত মতামতগুলো আগামী বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, ব্যাংক ও লজিস্টিক খাতের সমস্যাগুলো দীর্ঘদিনের। এসব সংকট সমাধানে সরকার ব্যবসায়ীদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব আশা করছে। দেশের সামগ্রিক উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে কর-জিডিপি অনুপাত বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাণিজ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে 'ব্যবসাবান্ধব' হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া এই সরকার লুণ্ঠন নয়, বরং টেকসই অর্থনৈতিক পুনর্গঠনে বিশ্বাসী। সভায় এফবিসিসিআই প্রশাসকসহ দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।