জাতীয় সংসদের চলতি অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ মুহা. রবিউল বাশার (সাতক্ষীরা-৩)। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের ২৪তম কার্যদিবসের প্রথম পর্বে বেলা ১টা ৪০ মিনিটের দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
সে সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা করছিলেন বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। হঠাৎ হাফেজ রবিউল বাশার অসুস্থ বোধ করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দ্রুত হস্তক্ষেপ করেন। তিনি গোলাম মোহাম্মদ সিরাজকে থামিয়ে দিয়ে বলেন, "মাননীয় সংসদ সদস্য একটু অপেক্ষা করেন, আমাদের একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।" স্পিকারের তাৎক্ষণিক নির্দেশনায় সংসদ সচিবালয়ের চিকিৎসক ও সহকর্মীরা তার সাহায্যে এগিয়ে আসেন।
পরে অন্যান্য সংসদ সদস্য ও কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে দ্রুত সংসদ লবিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় সংসদের ভেতরে কিছু সময়ের জন্য উৎকণ্ঠার সৃষ্টি হয় এবং সরকারি ও বিরোধী—উভয় দলের সদস্যরা দলমতনির্বিশেষে তার সেবায় এগিয়ে যান।
জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সংসদ লবিতে গিয়ে অসুস্থ এই বিরোধী দলীয় সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং হাফেজ রবিউল বাশারের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য উচ্চপদস্থ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।