১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:০৪:২৬ অপরাহ্ন


গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৮ ১৮:১৭:৫১
গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত


পরিবেশের ভারসাম্য রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গাছ না কেটে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সরাসরি হস্তক্ষেপের ফলে সড়কের দুপাশে থাকা প্রায় তিন হাজার গাছ কাটা পড়া থেকে রক্ষা পেয়েছে।

কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটিকে চার লেনে উন্নীত করার কাজ চলছে। শুরুতে গাছ কাটার পরিকল্পনা থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশে প্রকৌশলগত নকশায় পরিবর্তন এনে বিদ্যমান গাছগুলো অক্ষত রেখেই কাজ শুরু করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। গত ২১ এপ্রিল সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকাটি পরিদর্শন করেন।

মন্ত্রী জানান, শুধু গাছ রক্ষাই নয়, পুরো মেরিন ড্রাইভকে আরও দৃষ্টিনন্দন ও পর্যটকবান্ধব করতে সড়কের দুই পাশে নতুন করে সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ও ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে চলা এই মেগা প্রকল্পে রাস্তা প্রশস্তকরণ ছাড়াও রেজু খালের ওপর ৩০৫ মিটার দীর্ঘ সেতু এবং আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন ও প্রকৃতির মেলবন্ধনের এই উদ্যোগটি পরিবেশবাদীসহ সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে, যা ভবিষ্যতে দেশের অন্যান্য অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও একটি অনুকরণীয় বার্তা দিচ্ছে।