১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৪:৫২:০৮ অপরাহ্ন


ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৮ ১৭:১৮:৩৫
ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা ছবি: সংগৃহীত


আসন্ন ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও বড় ধরনের নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডকে সক্রিয় করার জোর দাবি জানিয়েছেন দেশটির দুই প্রভাবশালী রিপাবলিকান কংগ্রেস সদস্য। শুক্রবার এক চিঠির মাধ্যমে হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সদস্য মাইকেল ম্যাককল ও এলাইজাহ ক্রেন এই আহ্বান জানান।

চিঠিটি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এবং পেন্টাগন প্রধানের কাছে পাঠানো হয়েছে। এতে আইনপ্রণেতারা উল্লেখ করেন, বিশ্বকাপের মতো বিশাল আয়োজনে ড্রোনের মাধ্যমে সন্ত্রাসী হামলার হুমকি এড়াতে ন্যাশনাল গার্ডকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া জরুরি। মূলত জনবল সংকট কাটিয়ে ওঠা এবং ১১টি আয়োজক শহরের আকাশসীমা নিরাপদ রাখতে একটি একীভূত ও শক্তিশালী কেন্দ্রীয় নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেছেন।

চিঠিতে আরও বলা হয়, জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েন এবং দেশজুড়ে সেবা দেওয়ার সক্ষমতার কারণে ন্যাশনাল গার্ড এই ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে ড্রোন হামলা প্রতিরোধে (সি-ইউএএস) তাদের অভিজ্ঞতা কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য প্রশাসনকে ব্যাপক সহায়তা দেবে। ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে সাম্প্রতিক বন্দুকযুদ্ধের ঘটনার প্রেক্ষাপটে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বৃদ্ধি পাওয়ায় এই সেনা মোতায়েনের দাবি জোরালো হয়েছে। তবে এ বিষয়ে পেন্টাগন বা বিচার বিভাগ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।