১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:০৩:১৮ অপরাহ্ন


যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৮ ১৭:০৯:৪৩
যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় নির্মমভাবে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর দেহাবশেষ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, এই মর্মান্তিক ঘটনার পর থেকেই ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং ফ্লোরিডার কনস্যুলেট জেনারেল স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া এখন সরকারের বিশেষ তদারকিতে রয়েছে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, দূতাবাসগুলোকে প্রবাসীদের জন্য 'আস্থার ঠিকানা' হিসেবে গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যুদ্ধকবলিত এলাকায় থাকা বাংলাদেশিদের উদ্ধার ও বিশ্বের যেকোনো প্রান্তে প্রবাসীদের ওপর সহিংসতা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। প্রবাসীদের সুরক্ষায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।