১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৭:১৩ অপরাহ্ন


মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি : মুক্তিযুদ্ধমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৫ ১৮:২৯:৩০
মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি : মুক্তিযুদ্ধমন্ত্রী ছবি: সংগৃহীত


তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার ও কৃচ্ছ্রসাধনের বার্তা দিয়ে আলোচনায় এসেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সখীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং খামারিদের মাঝে দুগ্ধ ক্যানসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন। সরকারের এই কৃচ্ছ্রসাধন নীতির উদাহরণ দিয়ে তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয় ও স্বচ্ছতা বজায় রাখতে তারা বর্তমানে মন্ত্রণালয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করেন না, বরং সাধারণ বৈদ্যুতিক পাখা ব্যবহার করেন।

বিগত সরকারের সমালোচনা করে আহমেদ আযম খান বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে শাসনের নামে দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতিকে একটি ভঙ্গুর ও দেউলিয়া অবস্থায় রেখে গেছে। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শাসনামলেও ড. মুহাম্মদ ইউনূস এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু অর্থনীতির অবস্থা এতটাই নাজুক ছিল যে বর্তমান সরকারকে প্রায় ‘শূন্য হাতে’ যাত্রা শুরু করতে হয়েছে।

সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনগণের সহযোগিতা থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে দেশ একটি মজবুত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি এবং উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।