১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:৫০:০৪ অপরাহ্ন


ঝালমুড়ি খেয়েছি আমি, ঝাল লেগেছে তৃণমূলের, বললেন নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৩ ২০:০৩:১০
ঝালমুড়ি খেয়েছি আমি, ঝাল লেগেছে তৃণমূলের, বললেন নরেন্দ্র মোদি


পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলাকালীন আজ নদীয়ার কৃষ্ণনগরে এক বিশাল জনসভায় যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক এই স্থান থেকে তিনি তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করার পাশাপাশি বিজেপির জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ঝালমুড়ি ও রাজনৈতিক ‘ঝটকা’

গত রবিবার মেদিনীপুরের জনসভায় যাওয়ার পথে রাস্তার পাশের একটি দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী। আজ সেই প্রসঙ্গ টেনে তিনি রসিকতার সুরে বলেন, “ঝালমুড়ি খেয়েছিলাম আমি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের। এই ঝালমুড়ি ওদের অনেককে বড় ঝটকা দিয়েছে।” তিনি আরও ঘোষণা করেন যে, নির্বাচনে জিতলে আবারও ঝালমুড়ি খাওয়ানো হবে।

১০ গ্যারান্টি ও সুশাসনের প্রতিশ্রুতি

জনসভা থেকে মোদি বাংলার মানুষের জন্য ‘১০ গ্যারান্টি’র কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে:

  • সুশাসন ও নিরাপত্তা নিশ্চিত করা।

  • নারী কল্যাণ ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ধারাবাহিকতা।

  • বিনা পয়সায় রেশন, উন্নত চিকিৎসা এবং বিদ্যুৎ সেবা।

  • গরিবদের জন্য পাকা বাড়ি।

  • মতুয়া সম্প্রদায়ের কল্যাণ, সিএএ সার্টিফিকেট এবং তাদের ভোটাধিকার সুরক্ষা।

১৫ বছরের হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নেওয়ার হুঁশিয়ারি

প্রধানমন্ত্রী বলেন, “৪ মের পর বাংলায় বিজেপির সরকার হবে এবং গত ১৫ বছরের তৃণমূলের দুঃশাসনের হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নেওয়া হবে।” তিনি সিন্ডিকেট রাজ, চাঁদাবাজ এবং মাফিয়াদের বিদায় করার প্রতিশ্রুতি দিয়ে বলেন যে, বাংলার লুট করা অর্থসম্পদ ফিরিয়ে আনা হবে এবং নারী নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মোদি কৃষ্ণনগরের পর দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরেও জনসভা করেন এবং বিকেলে হাওড়ায় তাঁর নির্ধারিত রোড শোতে অংশগ্রহণের কথা রয়েছে।