১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:১২:১৮ পূর্বাহ্ন


২২০০ টাকার নিচে সিলিন্ডার মেলে না: সংসদে রুমিন ফারহানা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৩ ১৯:০৫:২৪
২২০০ টাকার নিচে সিলিন্ডার মেলে না: সংসদে রুমিন ফারহানা ছবি: সংগৃহীত


জাতীয় সংসদে আজ গ্যাস সংকটের তীব্রতা এবং এলপিজি সিলিন্ডারের অতিরিক্ত দাম নিয়ে সরব হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব তুলে ধরে তিনি অভিযোগ করেন, সরকার ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা নির্ধারণ করলেও বাজারে তা ২২০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া গ্যাসসমৃদ্ধ জেলা হওয়া সত্ত্বেও স্থানীয়রা গ্যাস পাচ্ছেন না। সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুলা ‘মিটিমিটি’ জ্বলে এবং মাঝে মাঝে কেবল ‘মন চাইলে এক ঘণ্টার জন্য’ গ্যাস আসে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

রুমিন ফারহানা আরও অভিযোগ করেন, ২০১৬ সাল থেকে আবাসিক সংযোগ বন্ধ থাকলেও অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অবৈধ সংযোগ অব্যাহত রয়েছে, যার ফলে বৈধ গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন এবং সরকার রাজস্ব হারাচ্ছে। তিনি দাবি করেন, আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস স্থানীয় মানুষ পাবে, তারপর তা অন্য জেলায় যাবে। বিশেষ করে গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাওয়া আশুগঞ্জ সার কারখানা পুনরায় চালুর জন্য তিনি জোরালো দাবি জানান।

জবাবে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, পাইপলাইনে চাপ কমে যাওয়ায় সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, তারা গ্যাস অনুসন্ধানের বদলে আমদানি নির্ভরতা ও দায়মুক্তির আইন করে এ খাতকে পঙ্গু করে গেছে। তবে আশার কথা শুনিয়ে মন্ত্রী ঘোষণা দেন যে, বিদ্যুৎ উৎপাদনে কিছুটা ঘাটতি মেনে নিয়েও কৃষির স্বার্থে আগামী ১ মে থেকে সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করা হবে। এছাড়া পরিত্যক্ত গ্যাসক্ষেত্রগুলো থেকে পুনরায় গ্যাস উত্তোলনের পরিকল্পনাও হাতে নিয়েছে বর্তমান সরকার।