১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৫:৩৯ অপরাহ্ন


একযোগে অবসরে পাঠানো হলো পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২২ ১৯:৪৬:৪১
একযোগে অবসরে পাঠানো হলো পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ছবি: সংগৃহীত


বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১১ জন ডিআইজি এবং ২ জন অতিরিক্ত ডিআইজি রয়েছেন।

অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় রয়েছেন— ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, এ জেড এম নাফিউল ইসলাম, মোহাম্মদ আবুল ফয়েজ, মো. মনিরুল ইসলাম, মাহফুজুর রহমান, মো. মুনিবুর রহমান, শামীমা বেগম, মো. আবু কালাম সিদ্দিক, মো. আমিনুল ইসলাম, সালমা বেগম এবং রংপুর পিটিসির কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান। এছাড়া অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন ও মো. ইকবাল হোসেনকেও অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় যে, বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী তাঁদের প্রাপ্য সকল অবসরজনিত সুযোগ-সুবিধা লাভ করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।