১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৫:৩৮ অপরাহ্ন


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে খুশি পেট্রোলপাম্প মালিকরা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২০ ১৮:৪১:০০
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে খুশি পেট্রোলপাম্প মালিকরা ছবি: সংগৃহীত


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও উল্টো চিত্র দেখা গেছে পেট্রোলপাম্প মালিকদের মধ্যে। তারা সরকারের এই সিদ্ধান্তে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ দিয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকে রসিকতা করে বলছেন, পাম্প মালিকরা কেবল সরকারের পক্ষে মিছিল করাটাই বাকি রেখেছেন।

ব্যবসায়ীদের এই খুশির নেপথ্যে মূল কারণ হলো লিটারপ্রতি বিক্রয় কমিশন। সরকারি নিয়ম অনুযায়ী, তেলের দাম বাড়লে ডিলার ও এজেন্টদের কমিশনের পরিমাণও বেড়ে যায়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল বিক্রিতে লিটারপ্রতি ৩.১৬ টাকা, কেরোসিনে ২.৫৩ টাকা, অকটেনে ৫.৭১ টাকা এবং পেট্রোলে ৫.৫৭ টাকা কমিশন পাবেন তারা। তেলের দাম বাড়ার ফলে তাদের স্থায়ী আয় ও মুনাফা দুই-ই বৃদ্ধি পাওয়ায় এই আনন্দ প্রকাশ।

তবে জনগণের ভোগান্তির সময়ে এমন 'খুশি' প্রকাশ করে কিছুটা বিপাকেই পড়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে রাজি হননি অনেক পাম্প মালিক। নাম প্রকাশ না করার শর্তে একজন মালিক স্বীকার করেছেন যে, কমিশন বৃদ্ধি তাদের জন্য বড় ধরনের স্বস্তির কারণ, তাই তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। মূলত বর্ধিত কমিশন ও মজুতকৃত তেলের বাড়তি মুনাফার প্রত্যাশায় তেল ব্যবসায়ীদের এই নজিরবিহীন কৃতজ্ঞতা প্রকাশ।