১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৫:৩৬ অপরাহ্ন


‘মব-এর শহরে’ পরিণত হয়েছে দেশ: রুমিন ফারহানা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২০ ১৮:৩৬:০৫
‘মব-এর শহরে’ পরিণত হয়েছে দেশ: রুমিন ফারহানা ছবি: সংগৃহীত


দেশে ক্রমবর্ধমান ‘মব সন্ত্রাস’ ও গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার (২০ এপ্রিল, ২০২৬) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে দেওয়া এক নোটিশে তিনি অভিযোগ করেন যে, গত দেড় বছর ধরে বাংলাদেশ কার্যত ‘মব-এর শহরে’ পরিণত হয়েছে।

রুমিন ফারহানা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি—দেশের কোনো গুরুত্বপূর্ণ স্থানেই আজ জননিরাপত্তা নেই। তিনি উল্লেখ করেন, সরকারি দপ্তরের প্রধানদের হেনস্তা করার পাশাপাশি বরিশাল আদালত প্রাঙ্গণ ও সুপ্রিম কোর্টের লয়ার্স রুমে মবের ঘটনা ঘটেছে, যা বিচারব্যবস্থার মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া ডেইলি স্টার অফিসে হামলা এবং চট্টগ্রাম ও কুষ্টিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি দেশের সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, মব কালচার বন্ধ এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করার বিষয়ে মন্ত্রী একাধিকবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো পরিবর্তন আসেনি। বরং একটির পর একটি অঘটন ঘটেই চলেছে। তার মতে, যখন মানুষ প্রচলিত আইনে ন্যায়বিচার পায় না, তখনই তারা এমন নৈরাজ্যকর সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ে।

বক্তব্যের শেষে তিনি দাবি করেন, মানুষের মধ্যে তীব্র ক্ষোভ, হতাশা ও বৈষম্য বিরাজ করছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এই পরিস্থিতির অন্যতম প্রধান কারণ। দেড় বছর আগে চট্টগ্রামে সংঘটিত হত্যার বিচার আজও না হওয়াকে তিনি প্রশাসনের ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন। জননিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।