১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৮:২৩ অপরাহ্ন


বগুড়ার মানুষের মতো গোটা দেশের মানুষকে সুখী করতে চান প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২০ ১৮:০৪:৩৩
বগুড়ার মানুষের মতো গোটা দেশের মানুষকে সুখী করতে চান প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


বগুড়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ জেলা। সোমবার (২০ এপ্রিল, ২০২৬) দুপুরে পৌর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে বগুড়া সিটি করপোরেশনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান আবেগপূর্ণ কণ্ঠে বলেন, “আমি বগুড়ার সন্তান, কিন্তু দেশের মানুষ আজ আমাকে সারা বাংলাদেশের দায়িত্ব দিয়েছে। বগুড়ার মানুষের মতো দেশের প্রতিটি মানুষকে যেন সুখে রাখতে পারি এবং তাদের সমস্যার সমাধান করতে পারি, সেজন্য আমি সবার দোয়া চাই।” তিনি আরও উল্লেখ করেন যে, বগুড়াকে একটি পূর্ণাঙ্গ আধুনিক ও মডেল টাউন হিসেবে গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

সিটি করপোরেশন উদ্বোধনের পাশাপাশি একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বগুড়াসহ দেশের সাতটি জেলায় ই-বেইলবন্ড (e-Bail Bond) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিচার বিভাগের আধুনিকায়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, অতীতে আইনের অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে প্রচুর হয়রানি করা হয়েছে। তার সরকার কেবল আইনের শাসন নয়, বরং প্রতিটি নাগরিকের জন্য প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, ই-বেইলবন্ড সিস্টেম পর্যায়ক্রমে দেশের সব আদালতে চালু করা হবে, যা বিচারিক প্রক্রিয়াকে আরও গতিশীল ও স্বচ্ছ করবে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করায় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এটি এই অঞ্চলের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।