১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৮:২৪ অপরাহ্ন


বিদ্যুৎ খাতে বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি টাকা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৯ ১৯:৩৬:৫৯
বিদ্যুৎ খাতে বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি টাকা ছবি: সংগৃহীত


দেশের বিদ্যুৎ খাতে আর্থিক সংকটের এক উদ্বেগজনক চিত্র জাতীয় সংসদে তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (১৯ এপ্রিল) সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে বিদ্যুৎ খাতে বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং ব্যাংক খাতে বিদ্যুৎকেন্দ্রগুলোর ঋণের বোঝা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৯ হাজার ৩১১ কোটি টাকায়।

মন্ত্রী জানান, বকেয়ার বড় একটি অংশই বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের (আইপিপি) পাওনা। এর মধ্যে গ্যাস ও তেলভিত্তিক কেন্দ্রের বকেয়া ১৭ হাজার ৩৫৭ কোটি এবং কয়লাভিত্তিক কেন্দ্রের পাওনা ১৫ হাজার ৪৫২ কোটি টাকা। এছাড়া পেট্রোবাংলার কাছে গ্যাস বিল বাবদ ১১ হাজার ৬৩৪ কোটি এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিপরীতে ৩ হাজার ৮৯১ কোটি টাকা বকেয়া রয়েছে। বিশাল এই ঋণের বোঝা ও বকেয়া বিল বিদ্যুৎ খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।