১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:৩৯:৩৯ অপরাহ্ন


দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শরিফুলের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৯ ১৫:৪০:৩৬
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শরিফুলের ছবি: সংগৃহীত


নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে—এমন আলোচনা ক্রিকেট পাড়ায় বেশ পুরনো। তবে মাঠের লড়াইয়ে সেই ‘দ্বিতীয় সারির’ কিউইদের কাছেই প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে কিছুটা ব্যাকফুটে স্বাগতিক বাংলাদেশ। এই হার ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন টাইগার পেসার শরিফুল ইসলাম। আজ রোববার মিরপুরে সংবাদ সম্মেলনে সেই আত্মবিশ্বাসের কথাই শুনিয়েছেন এই বাঁহাতি পেসার।

নিউজিল্যান্ডের শক্তির গভীরতা নিয়ে কথা বলতে গিয়ে শরিফুল কোনো দলকে ছোট করে দেখার পক্ষপাতী নন। তিনি স্পষ্টভাবে জানান, আন্তর্জাতিক ক্রিকেটে ‘সেকেন্ড টিম’ বা ‘থার্ড টিম’ বলে আসলে কিছু নেই। যারা খেলছেন, তারা প্রত্যেকেই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। শরিফুল মনে করেন, প্রথম ম্যাচে ছোটখাটো কিছু ভুল হওয়ার কারণে ফলাফল তাদের পক্ষে আসেনি। তবে তারা নিজেদের সামর্থ্য নিয়ে সন্দিহান নন। কিউইরা যেমন শক্তিশালী, বাংলাদেশও যে মোটেও পিছিয়ে নেই—সেই হুঙ্কার দিয়ে তিনি বলেন, “আশা করি পরের ম্যাচে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াবো।”

প্রথম ওয়ানডেতে শরিফুলের একাদশে আসাটা ছিল অনেকটা সিনেমার গল্পের মতো। শুরুতে মূল পরিকল্পনায় তিনি ছিলেন না, কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। ম্যাচ শুরুর ঠিক আগে ওয়ার্ম-আপ করার সময় হঠাৎ হাঁটুতে অস্বস্তি অনুভব করেন মুস্তাফিজুর রহমান। ফলে টসের মাত্র কয়েক মুহূর্ত আগে শরিফুলকে জানানো হয় যে তাকে মাঠে নামতে হবে। শরিফুল সেই মুহূর্তের স্মৃতিচারণ করে বলেন, “টসের এক-দুই সেকেন্ড আগে খবরটা পাই। তখন ড্রেসিংরুমে রিশাদ হোসেনের সঙ্গে কথা বলছিলাম। সে আমাকে বললো, এটা হয়তো আমার ভাগ্যেই ছিল। এরপর তাড়াহুড়ো করে রান-আপ মেপে নিয়ে মাঠে নামি।”

প্রস্তুতির ঘাটতি থাকলেও বল হাতে মোটেও অপ্রস্তুত ছিলেন না শরিফুল। দুর্দান্ত বোলিং করে মাত্র ২.৭০ ইকোনমি রেটে কিউই ব্যাটারদের নাভিশ্বাস তুলে নিয়েছিলেন তিনি, পকেটে পুরেছিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। দলের হার ছাপিয়ে শরিফুলের এই লড়াকু মানসিকতা এখন বাকিদের জন্য অনুপ্রেরণা। কাল সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সকাল ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে শরিফুলদের লক্ষ্য একটাই—সিরিজে সমতা ফেরানো।