১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৩:৫৫ অপরাহ্ন


সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন চমক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৮ ১৭:১২:২২
সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন চমক ছবি: সংগৃহীত


বিনোদন জগতের পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী রাজনীতিতে নাম লিখিয়েছেন এবং জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার পর্বে অংশ নেন তিনি।

সাক্ষাৎকার শেষে অত্যন্ত উচ্ছ্বসিত অবস্থায় সাংবাদিকদের মুখোমুখি হন চমক। তিনি বলেন, “আমি সবসময়ই দেশের মানুষের জন্য, বিশেষ করে নারীদের অধিকার নিয়ে কাজ করতে চেয়েছি। সামাজিক কাজের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল। আমার মনে হয়েছে বিএনপির আদর্শের সঙ্গে যুক্ত হয়ে আমি আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারব।”

মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী এই অভিনেত্রী আরও জানান, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তার অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেন, “সাক্ষাৎকার পর্বে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি দলকে সেবা করতে চাই কি না। আমি সরাসরি বলেছি, আমার প্রথম লক্ষ্য হচ্ছে দেশের সেবা করা। বিএনপি যদি আমাকে সেই প্ল্যাটফর্ম দেয়, তবে আমি দল ও দেশের কল্যাণে নিজেকে নিবেদিত রাখব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক, আমি দলীয় সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করব।”

রাজনীতির এই নতুন যাত্রা নিয়ে গত শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি রহস্যময় পোস্টও করেন চমক। সেখানে তিনি লেখেন, “নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।” তার এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল শুরু হয়, যা শেষ পর্যন্ত রাজনৈতিক আবহে রূপ নিলো।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর নাটক ও জনপ্রিয় সব ওয়েব সিরিজে অভিনয় করে তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে সংসদ সদস্য হওয়ার দৌড়ে শামিল হলেন এই তারকা।