১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১১:৫৯:২২ অপরাহ্ন


হরমুজে আটকে যাওয়া বাংলাদেশী জাহাজ নিয়ে কূটনৈতিক যোগাযোগ চলছে: নৌপরিবহনমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৮ ১৫:৩৮:১২
হরমুজে আটকে যাওয়া বাংলাদেশী জাহাজ নিয়ে কূটনৈতিক যোগাযোগ চলছে: নৌপরিবহনমন্ত্রী ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পার হতে না পেরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ নিয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আশ্বস্ত করেছেন যে, জাহাজ ও এর নাবিকদের বিষয়ে সরকার আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখছে।

শনিবার সকালে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের (এনএমআই) ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্ত্রী কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি জানান, দেশে বর্তমানে জ্বালানির কোনো প্রকৃত সংকট নেই, বরং একটি অসাধু চক্র কৃত্রিম চাহিদা তৈরি করে সংকট সৃষ্টির পায়তারা করছে। এর প্রমাণ হিসেবে তিনি সম্প্রতি দেশজুড়ে হাজার হাজার লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দের ঘটনার দিকে ইঙ্গিত করেন। মন্ত্রী স্পষ্ট করে বলেন, দেশে চ্যালেঞ্জ থাকলেও সরবরাহে কোনো ঘাটতি নেই এবং সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। যেকোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া সংক্রান্ত গুঞ্জন নিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। তবে যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে বন্দরের আর্থিক লাভ, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ বিবেচনা করা হবে। দেশের জন্য ক্ষতিকর হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও তিনি নিশ্চয়তা দেন।

এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠানে নতুন সমুদ্রগামীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিশ্ব মানচিত্রের বিশাল অংশ জুড়ে থাকা সমুদ্রপথ এখন আর আগের মতো দুর্গম নয়। আধুনিক প্রযুক্তি ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ এই খাতে নিজের শক্ত অবস্থান তৈরি করতে চায়। প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতার প্রতিনিধি হিসেবে কাজ করবে। তিনি ক্যাডেটদের পেশাদারিত্ব এবং মানসিক দৃঢ়তার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার ও দেশের গৌরব উজ্জ্বল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।