১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৬:৫৭ অপরাহ্ন


খুলনায় নিজের রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৮ ১৪:৪০:৫৬
খুলনায় নিজের রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা ছবি: সংগৃহীত


খুলনায় দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত রাইফেল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন সম্রাট বিশ্বাস (৩৮) নামে এক রেলওয়ে পুলিশ কনস্টেবল। শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গায় রেলওয়ে জেলা পুলিশ লাইনসের অস্ত্রাগার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। ২০১৮ সালে পুলিশে যোগ দেওয়া সম্রাট গত ছয় মাস আগে খুলনা রেলওয়ে পুলিশে বদলি হয়ে এসেছিলেন। তার স্ত্রী পূজা বিশ্বাসও সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সম্রাট ডিউটিরত অবস্থায় একটি চেয়ারে বসে নিজের চাইনিজ রাইফেলটি কপালে ঠেকিয়ে ট্রিগার চাপেন। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ বা মানসিক অশান্তির জেরে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আহমেদ মাঈনুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই আত্মহত্যার রহস্য উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে পুলিশ লাইনে শোকের ছায়া নেমে এসেছে।