১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৫:২০ অপরাহ্ন


হত্যা মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির ‘রাজা মিয়া’
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৫ ১৯:৫৭:২৮
হত্যা মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির ‘রাজা মিয়া’ আসামি গিয়াস উদ্দিনের পোষা বানর ‘রাজা মিয়া’ ।


লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশাচালক রাজীব হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন গেসুকে গ্রেপ্তারের পর অদ্ভুত এক ঘটনার সাক্ষী হয়েছে এলাকাবাসী। গ্রেপ্তারের সময় তার পোষা বানর ‘রাজা মিয়া’ও পুলিশের হেফাজতে আসে, যা বর্তমানে থানায় রাখা হয়েছে।

সোমবার (৪ মে) রাতে চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকা থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

গিয়াস উদ্দিন রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা এবং কিশোর অটোরিকশাচালক মো. রাজীব (১৪) হত্যা মামলার প্রধান আসামি।

মামলার অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার (১ মে) রাতে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে রাজীবকে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা মো. মোস্তফা বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে ‘রাজ মিয়া’ নামের একটি বানর পোষতেন। ঘটনার পর পালানোর সময় তিনি বানরটিকেও সঙ্গে নিয়ে যান। পরে গ্রেপ্তারের সময় বানরসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, বর্তমানে বানরটি থানায় হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে বানরটিকে থানায় আনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। রাতেই অনেক মানুষ থানা প্রাঙ্গণে ভিড় করেন ‘রাজা মিয়া’কে এক নজর দেখার জন্য। থানায় তার দুষ্টুমি ও ছোটাছুটিতে পুলিশ সদস্যরাও কিছুটা বেকায়দায় পড়েন বলে জানা গেছে।