১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১০:৫১:০১ অপরাহ্ন


পাবনায় হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে তরুণ গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৮ ১৪:২৬:৫৯
পাবনায় হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে তরুণ গ্রেপ্তার ছবি: সংগৃহীত


পাবনার চাটমোহরে হিন্দু ধর্মাবলম্বীদের দেব-দেবী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ভিডিও ছড়ানোর অভিযোগে আওলাদ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আওলাদ ওই গ্রামের মোহর চাঁদের ছেলে এবং চাটমোহর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

মামলার বিবরণ অনুযায়ী, গত বুধবার (১৬ এপ্রিল) চড়ক পূজা নিয়ে একটি ভিডিও তৈরি করেন আওলাদ। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের দেব-দেবী ও বিশ্বাস নিয়ে আপত্তিকর মন্তব্য করে ‘কেসিপি মিন্টু ব্লগস’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচার করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সমীর বিশ্বাস নামে এক ব্যক্তি বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আওলাদকে গ্রেপ্তার করে।

চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, "চাটমোহর সাম্প্রদায়িক সম্প্রীতির শহর হিসেবে পরিচিত। এখানে ধর্ম নিয়ে কখনোই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হওয়ার পর আওলাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।