১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৮:০৩ পূর্বাহ্ন


'আব্বার আর জামিন লাগবে না', কারাবন্দী পিতার মৃত্যুর পর ছেলের হৃদয়বিদারক স্ট্যাটাস
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৬ ১৪:৫৫:০৬
'আব্বার আর জামিন লাগবে না', কারাবন্দী পিতার মৃত্যুর পর ছেলের হৃদয়বিদারক স্ট্যাটাস ছবি: সংগৃহীত


বাবার কারামুক্তির জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল এক করুণ মৃত্যুতে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জিয়াউল হক জিয়া (৫৫)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।

বাবার মৃত্যুতে তার ছেলে জাকিউর রাফিদ নাফি ফেসবুকে একটি হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়েছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তিনি লিখেছেন, ‘আব্বার আর জামিন লাগবে না... ক্ষমা করে দিও বাবা, আমি তোমার অযোগ্য সন্তান, ওই জেলের শক্ত লোহাগুলোর কাছে হেরে গেলাম।’

কারাগার সূত্রে জানা গেছে, গত শনিবার কারাবন্দি জিয়ার রক্তচাপ হঠাৎ কমে গেলে তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হলে মঙ্গলবার রাতে সেখানে তার মৃত্যু হয়। জিয়াউল হক জিয়া শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি দিগপাইত ডি.কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। নিহতের পরিবারের এই আর্তনাদ এখন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের চোখে জল এনে দিয়েছে।