১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:০৭:১৭ পূর্বাহ্ন


ইরানকে হরমুজ প্রণালী খোলার আহ্বান চীনের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৬ ১৩:৪৮:৪৪
ইরানকে হরমুজ প্রণালী খোলার আহ্বান চীনের ছবি: সংগৃহীত


চীনের পক্ষ থেকে ইরানকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করার আহ্বান জানানো হয়েছে। বুধবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক ফোনালাপে এই আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মার্কিন সংবাদমাধ্যম এপির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

ফোনালাপে ওয়াং ই গুরুত্ব দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সর্বসম্মত দাবিতে পরিণত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রণালির উপকূলীয় দেশ হিসেবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও তাদের বৈধ অধিকারের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে, তবে একই সঙ্গে সেখানে বাণিজ্যিক ও স্বাভাবিক জাহাজ চলাচল পুনরুদ্ধারে কাজ করা জরুরি।

জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চীনের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন যে, ইরান এই সংকটের একটি যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত সমাধান চায়। তিনি জানান, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানে ইরান সবসময় প্রস্তুত রয়েছে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথটি নিয়ে বেইজিংয়ের এমন প্রকাশ্য অবস্থানকে বৈশ্বিক রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।