দেশে চলমান জ্বালানি সংকটের বাস্তব চিত্র তুলে ধরে জাতীয় সংসদে ক্ষোভ ও রসিকতা মিশ্রিত বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামাল হোসেন। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানান।
ঢাকা-৫ আসনের এই সংসদ সদস্য অভিযোগ করেন, গত মঙ্গলবার দিবাগত রাতে জ্বালানি তেলের জন্য তাকে দীর্ঘ দুই ঘণ্টা রাস্তায় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। রাত ২টা পর্যন্ত অপেক্ষা করেও শেষমেশ নিজের গাড়ির জন্য তেল পাননি তিনি। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিকেলের অধিবেশনে তিনি এই সমস্যার কথা তুলে ধরেন।
সংসদে চলমান তোষামোদি বা চাটুকারিতার দিকে ইঙ্গিত করে কামাল হোসেন কিছুটা রসিকতার ছলে বলেন, "গতরাতে আমাকে ২টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, কিন্তু আমি তেল পাইনি। অথচ আমাদের এই মহান সংসদে তেলের কোনো অভাব নেই—এখানে এত পরিমাণ তেলের (চাটুকারিতা) অপচয় হচ্ছে, কিন্তু বাইরে সাধারণ মানুষ তেল খুঁজে পাচ্ছে না।"
তার এই বক্তব্যে সংসদে হাস্যরসের সৃষ্টি হলেও এটি বর্তমান জ্বালানি পরিস্থিতির এক ভয়াবহ চিত্র ফুটিয়ে তুলেছে। যেখানে একজন সংসদ সদস্যকেই তেল পেতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে সাধারণ মানুষের ভোগান্তি কতখানি—কামাল হোসেনের বক্তব্যে সেই প্রশ্নই জোরালো হয়ে উঠেছে। উল্লেখ্য, বর্তমান জ্বালানি সংকট নিয়ে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও মাঠপর্যায়ে পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না বলে সাধারণ গ্রাহকদের অভিযোগ রয়েছে।