১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪১:৫৩ অপরাহ্ন


স্বেচ্ছায় রিহ্যাবে ভর্তি হলেন পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৫ ১৬:৪৩:৪০
স্বেচ্ছায় রিহ্যাবে ভর্তি হলেন পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স ছবি: সংগৃহীত


দীর্ঘদিনের ব্যক্তিগত টানাপোড়েন আর আইনি ঝামেলার পর এবার সুস্থ জীবনে ফিরতে বড় পদক্ষেপ নিলেন মার্কিন পপ আইকন ব্রিটনি স্পিয়ার্স। গত মার্চ মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হওয়ার পর তিনি নিজেই একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সংগীতশিল্পীর প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করে জানান যে, ব্রিটনি এখন স্বেচ্ছায় তার আসক্তি কাটিয়ে উঠতে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার সূত্রপাত হয় ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে, যেখানে অসংলগ্নভাবে গাড়ি চালানোর সময় পুলিশের হাতে আটক হন এই তারকা। ডাক্তারি পরীক্ষায় তার শরীরে মাত্রাতিরিক্ত অ্যালকোহল ও মাদকের উপস্থিতি পাওয়া গিয়েছিল। এ বিষয়ে ব্রিটনির ম্যানেজার কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তার এই আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে তিনি আশাবাদী যে, রিহ্যাবে যাওয়ার এই সিদ্ধান্ত ব্রিটনির জীবনে একটি দীর্ঘ প্রতীক্ষিত ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।

সংগীত ক্যারিয়ারে এক সময়ের অপরাজেয় এই শিল্পী গত কয়েক বছর ধরেই অনিয়মিত। ২০১৬ সালে তার সর্বশেষ স্টুডিও অ্যালবাম প্রকাশের পর ২০২২ সালে এলটন জনের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়ে চার্টের শীর্ষে ফিরলেও, ২০২৪ সালে তিনি চিরতরে গান ছাড়ার ঘোষণা দেন। এমনকি ২০২৫ সালের শেষ দিকে তিনি প্রায় ২০০ মিলিয়ন ডলারের বিনিময়ে তার গানের সমস্ত স্বত্ব বা ক্যাটালগ ‘প্রাইমারি ওয়েভ’-এর কাছে বিক্রি করে দেন।

ব্রিটনির জীবনের চড়াই-উতরাই নিয়ে লেখা আত্মজীবনী ‘দ্য ওম্যান ইন মি’ বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছিল। বর্তমানে এই বইটি অবলম্বনে একটি বায়োপিক নির্মাণের কাজ চলছে, যা পরিচালনা করবেন ‘উইকেড’ খ্যাত জন এম চু। ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ১৩ বছর বাবার কঠোর আইনি অভিভাবকত্ব বা ‘কনজারভেটরশিপ’-এর অধীনে থাকা ব্রিটনি দীর্ঘদিন ধরেই নিজের স্বাধীনতার জন্য লড়ছেন। ভক্তরা মনে করছেন, নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়ার মাধ্যমে তিনি হয়তো তার জীবনের অন্ধকার অধ্যায়গুলো পেছনে ফেলে নতুন করে বাঁচার চেষ্টা করছেন।