১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২২:০২ অপরাহ্ন


হাদি হত্যাকাণ্ডে অস্ত্র বিক্রেতা মাজেদুল ৩ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৫ ১৬:৪০:০১
হাদি হত্যাকাণ্ডে অস্ত্র বিক্রেতা মাজেদুল ৩ দিনের রিমান্ডে ছবি: সংগৃহীত


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তারকৃত অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। গ্রেপ্তার হেলাল চট্টগ্রামের ‘হামিদুল হম আর্মস অ্যান্ড কোং’ নামক একটি অস্ত্র দোকানের মালিক।

আদালত সূত্রে জানা গেছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিআইডি’র পক্ষ থেকে হেলালকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবীর শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের চকবাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাদি হত্যা মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর মোড় নিয়েছে। গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুষ্কৃতকারীরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, এই মামলায় গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ সাবেক কাউন্সিলর বাপ্পিসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল। তবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেই তদন্তে অসন্তোষ জানিয়ে আদালতে 'নারাজি' আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডি-কে নির্দেশ দেন। সিআইডি’র তদন্তে এবার হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের উৎস খুঁজতে ওই অস্ত্র বিক্রেতাকে গ্রেপ্তার করা হলো।