১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪০:৪০ অপরাহ্ন


আগামী ২ মাসে জ্বালানি সংকটের সম্ভাবনা নেই
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৫ ১৬:২৩:১৭
আগামী ২ মাসে জ্বালানি সংকটের সম্ভাবনা নেই ছবি: সংগৃহীত


দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী দুই মাস কোনো সংকটের সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

যুগ্মসচিব জানান, গত বছরের তুলনায় সরবরাহের পরিমাণ কমানো হয়নি, তাই সাধারণ মানুষের আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার (প্যানিক বায়িং) প্রয়োজন নেই। বিশেষ করে ঢাকার পেট্রোল পাম্পগুলোতে ভিড় দেখা দিলেও ঢাকার বাইরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিল্প-কারখানার ডিজেল সরবরাহেও কোনো ঘাটতি নেই এবং বেসরকারিভাবে আরও ১৪ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সৌদি আরব থেকে ভিন্ন রুটে মে মাসের শুরুতে নতুন করে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) দেশে আসবে বলেও তিনি জানান। এছাড়া নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী মাসেও বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে। ইস্টার্ন রিফাইনারি বর্তমানে দেশের মোট চাহিদার এক-পঞ্চমাংশ জ্বালানি পরিশোধন করছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।