১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৪:৪৭ অপরাহ্ন


কুষ্টিয়ায় ‘পীরকে’ হত্যায় মামলা দায়ের হয়নি এখনও
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৫:৩২:৪০
কুষ্টিয়ায় ‘পীরকে’ হত্যায় মামলা দায়ের হয়নি এখনও ছবি: সংগৃহীত


কুষ্টিয়ার দৌলতপুরে ‘শামিম বাবা’ নামে পরিচিত কথিত পীর আব্দুর রহমানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রোববার (১২ এপ্রিল) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের মতে, মাথা ও পিঠে গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওকে কেন্দ্র করে উত্তেজিত জনতা শামিমের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর তিন অনুসারীও আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

ঘটনার এক দিন পার হলেও এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার জানিয়েছে, দরবার সংলগ্ন কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আইনি পদক্ষেপ নেবে। দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।