১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৮:০২ অপরাহ্ন


সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৪:৪৩:৫১
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা পরিবারের নয়, এটি রাষ্ট্রের এক অমূল্য সম্পদ। রোববার (১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক বিশেষ দরবারে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করার প্রতিশ্রুতি দেন এবং বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের প্রশ্নে আপস না করার আহ্বান জানান। তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক অচলাবস্থা নিরসন এবং ২০২৪ সালে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশবাসীকে আশান্বিত করেছে। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার যে ষড়যন্ত্র হয়েছিল, তার ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

বিগত দেড় দশকের শাসন ও শোষণের সময় বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টার সমালোচনা করে তিনি একে জনআস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন। একইসঙ্গে গত আগস্ট পরবর্তী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুনিপুণভাবে সম্পন্ন করার জন্য তিনি সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানগণ। পরিশেষে, তিনি সকল সদস্যকে দল-মতের ঊর্ধ্বে থেকে দেশপ্রেম ও সততার সঙ্গে কাজ করার এবং সংবিধানের মর্যাদা সমুন্নত রাখার নির্দেশনা প্রদান করেন। এই দরবারে ঢাকা ও ঢাকার বাইরের সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সরাসরি ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।